বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনের মৃত্যু হয়েছে মাথায় আঘাতের কারণে। মৃত্যুর আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। রূপার ময়নাতদন্তকারী চিকিৎসকেরা এসব তথ্য জানিয়েছেন। তাঁরা গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের প্রতিবেদন টাঙ্গাইলের সিভিল সার্জনের কাছে জমা দিয়েছেন। ময়নাতদন্তকারী চিকিৎসক টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম খান প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের সময় রূপার সংরক্ষিত দাঁত ও পরিধেয় বস্ত্র ডিএনএ পরীক্ষার জন্য টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছিল। আদালত এগুলোর ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন। আজ বুধবার সকালে এগুলো পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।
গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান। পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ মধুপুর থানায় হত্যা মামলা করে। ঘটনার তিন দিন পর রূপার ভাই মধুপুর থানায় গিয়ে লাশের ছবি দেখে শনাক্ত করেন। পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা টাঙ্গাইল কারাগারে আছেন। ৩১ আগস্ট রূপার লাশ উত্তোলন করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে দাফন করা হয়।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে রূপার ভাই হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার বিচার চান। কোনো আসামি যাতে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্তকারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।