মাথায় রড দিয়ে আঘাত করে নদীতে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের নিউমার্কেটের কাঠ ব্যবসায়ী বিমল কুমার দাসকে (৪৫) শনিবার রাতে মাথায় রড নিয়ে আঘাত করে লাউকাঠি নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই রাতেই মিজানুর রহমান (২১) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বিমল কুমারের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি নদীর উত্তর পাশের খলিশাখালী গ্রামে। গতকাল রোববার রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিমল কুমারের খোঁজ মেলেনি।
সদর থানার পুলিশ জানায়, লাউকাঠি গ্রামের মিজানুর রহমান ব্যবসায়ী বিমলের কাছ থেকে তাঁর মোটরসাইকেলটি ছয় হাজার টাকার মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে যাত্রী বহন করে আসছেন। এক মাস পেরিয়ে গেলেও চুক্তির টাকা পরিশোধ না করায় দুজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত আটটার দিকে মিজানুর বিমলকে বাড়ি যাওয়ার কথা বলে ট্রলারে ওঠান। ট্রলারে বসেও দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রলারটিকে নদীর অপর পাড়ে না নিয়ে পশ্চিম দিকে যেতে থাকেন মিজানুর।
একপর্যায়ে নিজের লোকজনকে দিয়ে বিমলকে মারধর শুরু করেন। বিমল চিৎকার শুরু করলে তাঁর মাথায় রড দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
এ সময় বিমলকে নদীতে ফেলে দেওয়া হয়। বিমলের চিৎকার শুনে নদীর পাড়ের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রলার নিয়ে ধাওয়া করে সদর উপজেলার মিঠাপুর এলাকা থেকে মিজানুরের ট্রলারটি আটক করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মিজানুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে মিজানুর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।