মাদক আসরে বাধা দেওয়ায় প্রবাসী খুন!
ঢাকার অদূরে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মো. সালাউদ্দিন (৪০) নামের ওমানপ্রবাসী এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর বাড়ি কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায়। বাড়ির পাশে মাদকের আসর বসানোয় বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে বলে ভাইয়ের দাবি।
নিহত ব্যক্তির ছোট ভাই আলাউদ্দিনের ভাষ্য, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের আরিফ, মিজান, ইসানুর, মর্তুসহ চার-পাঁচজন কলাতিয়া এলাকায় তাঁদের বাড়িতে এসে তাঁর ভাই সালাউদ্দিনকে ডাকেন। ভাই বের হলে তাঁকে ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। এ সময় সালাউদ্দিনের চিৎকারে পরিবারের লোকজন বের হয়ে তাঁকে উদ্ধার করেন। রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আজ রোববার সকাল পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
আলাউদ্দিনের দাবি, পাশের গ্রাম থেকে তাঁদের গ্রামে এসে বাড়ির পাশে মাদকের আসর বসানোয় মাস খানেক আগে বাধা দিয়েছিলেন সালাউদ্দিন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাঁর ভাইকে হত্যা করেছে।
ওমানপ্রবাসী সালাউদ্দিন তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তাঁর দুই মেয়ে আছে।
সালাউদ্দিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।