মাদক উদ্ধারে অভিযান, মিলল অস্ত্র-গুলি
বগুড়ায় মাদক উদ্ধারের জন্য অভিযানে নেমে ১০ বোতল ফেনসিডিলের সঙ্গে মিলেছে বিদেশি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি গুলি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের আবদুল বারিক (৩০) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার হরন্দা গ্রামের রিফাত আহম্মেদ (২৪)।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিতোষ কুমার কুণ্ডু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার বাঘোপাড়া বাজারের পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওত পেতে থাকে। এ সময় রংপুর-ঢাকা মহাসড়ক হয়ে হিলি থেকে বগুড়া অভিমুখী একটি মোটরসাইকেলের চালক ও আরোহীকে চ্যালেঞ্জ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। ধস্তাধস্তির একপর্যায়ে ওই দুই যুবকের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে বাঁধা অবস্থায় দুটি বিদেশি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক বারিক ও রিফাত পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাঁরা মাদকের আড়ালে এত দিন অস্ত্র পাচার করে আসছিলেন। দুজনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনের ধারায় আলাদা দুটি মামলা করেছেন।