মাদক কেনাবেচা চলে প্রকাশ্যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের তেমন কোনো তৎপরতা নেই।
কাউন্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সমশের আলী বলেন, রাজধানীর মিরপুর ও গাবতলী লাগোয়া কাউন্দিয়া ইউনিয়নের গ্রামের সংখ্যা ২২টি। তুরাগ নদবেষ্টিত এসব গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এ কারণে মাদক ব্যবসায়ী ও সেবীরা এ এলাকাকে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, কাউন্দিয়ায় অনেক মাদক ব্যবসায়ী রয়েছেন। তাঁরা গ্রামে গ্রামে ঘুরে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজা বিক্রি করেন।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোপনে তথ্য সংগ্রহ করে ৩২ জন মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের কয়েকজন মাদকসহ জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হয়েছেন।
গত শনিবার ১৮টি ইয়াবা বড়িসহ জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হন কাউন্দিয়ার মাঝিরদিয়া গ্রামের সজীব সরকার ও আমিনবাজারের হিজলা গ্রামের মামুন হোসেন। আটক হওয়ার সময় সজীব বলেন, ‘বছর খানেক আগে এক বড় ভাইয়ের মাধ্যমে আমি ইয়াবায় আসক্ত হয়ে পড়ি। এরপর থেকে নেশার টাকার জন্য ইয়াবা বিক্রি করে আসছি। মামুন আমাকে নিয়মিত ইয়াবা সরবরাহ করেন।’ মামুন বলেন, ‘আমি ইয়াবার ডিলার না, কমিশনে এক বড় ভাইকে বিক্রি কইরা দিই।’ মামুনের মামা আফসার আলী বলেন, অনেক চেষ্টা করেও মামুনকে মাদক ব্যবসা থেকে বিরত করা সম্ভব হয়নি।
বাগিচারটেক গ্রামের আলী হোসেন বলেন, সারা দিন মাদক কেনাবেচা হয়। তবে বিকেলের পর কাউন্দিয়ায় মাদক ব্যবসায়ী ও সেবীদের আনাগোনা অনেক বেড়ে যায়। মিরপুর, দারুসসালাম ও আমিনবাজার থেকে তরুণ ও যুবকেরা মাদক সেবনের জন্য কাউন্দিয়ায় আসেন। তাঁদের সঙ্গে এলাকার ছেলেরাও মাদকাসক্ত হয়ে পড়ছেন।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে এ তালিকা সরবরাহ করা হয়েছে। এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তারে অভিযান চালায়নি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এ কারণে মাদক কেনাবেচা চলছেই।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, কাউন্দিয়ার মাদক ব্যবসায়ীদের একটি তালিকা পাওয়া গেছে। যাচাই-বাছাই করে অপরাধীদের গ্রেপ্তারে উদ্যোগ নেওয়া হবে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘কাউন্দিয়ার কিছু লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এ বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। কিন্তু ভৌগোলিক কারণে তাঁদের গ্রেপ্তারে সব সময় অভিযান চালানো সম্ভব হয় না।’