মাদক কেনার টাকা না পেয়ে মাকে পেটালেন কলেজছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে গত রোববার সবুজ মিয়া (১৯) নামের এক মাদকাসক্ত কলেজছাত্র তাঁর মা সবুরা খাতুনকে (৪৭) পিটিয়ে আহত করেছেন। সবুরাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দিঘলকান্দি গ্রামের শুকুর আলী ও সবুরার একমাত্র ছেলে সবুজ। তিনি একাদশ শ্রেণিতে লেখাপড়া করছেন। প্রায় এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন সবুজ। তাঁকে বিপথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মা-বাবা। প্রতিদিনই সবুজকে মাদকদ্রব্য কেনার টাকা দিতে হয়। টাকা না দিলে মা-বাবাকে মারধরসহ বাড়ির আসবাব ভাঙচুর করেন তিনি। গত রোববার সন্ধ্যার দিকে শুকুর বাড়িতে ছিলেন না। এ সময় সবুজ মায়ের কাছে গাঁজা কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। মা তাঁকে টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাড়ির আসবাব ভাঙচুরের একপর্যায়ে তিনি মাকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে বাড়ির লোকজন সবুরাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন।

শুকুর বলেন, ‘প্রতিবেশী যুবকদের অসৎ সঙ্গে আমার ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। অনেক শাসন করেও তাকে ভালো করা সম্ভব হচ্ছে না। ছেলের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাকে শায়েস্তা করতে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারে দ্বরে ঘুরছি। কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। ছেলের ভয়ে এখন আমি নিরাপত্তহীনতায় দিন কাটাচ্ছি।’

চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফোরহাদ হোসেন বলেন, ‘সবুজ আগে থেকেই মাদকাসক্ত। সবুজের বাবা আমার কাছে অনেকবার এসেছেন। রোববারের ঘটনার খবর পেয়ে সবুজকে ধরতে গ্রাম পুলিশ পাঠানো হয়। কিন্তু সে পলাতক থাকায় তাকে খু্ঁজে পাওয়া যাচ্ছে না।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। কেউ অভিযোগ করেননি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’