মাদক চোরাচালান, পরিবহন ও বিক্রিতে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ শিশু। এদের বয়স ১৬ বছরের মধ্যে। সস্তা শ্রম আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানো সহজ হওয়ায় দেশে মাদক ব্যবসায়ীদের কাছে শিশুদের চাহিদা বাড়ছে। মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে এই শিশুরা ‘কুরিয়ার’ নামে পরিচিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘মাদক প্রতিবেদন ২০১৩’-তে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর বা তারও কম বয়সী শিশুরা পরোক্ষভাবে এই কাজে ব্যবহৃত হচ্ছে। মাদক চোরাচালান ও বিক্রির কাজে জড়িত নারীরা শিশুদের নিয়ে চালাচল করেন। ধরা পড়লে ছোট শিশু সঙ্গে থাকায় অনেক সময় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের আনুকূল্য পান তাঁরা। এই শিশুদের ৬০ শতাংশের বেশি মাদকাসক্ত হয়ে পড়ে।
মাদক চোরাচালান, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ, র্যা ব ও বিজিবির অভিযানে আটক ব্যক্তি ও গ্রেপ্তারের তথ্য পর্যালোচনা করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, নব্বইয়ের দশকে মাদক চোরাচালান, পরিবহন ও গ্রাহকের কাছে তা পৌঁছে দেওয়ার কাজে ব্যবসায়ীরা নতুন নতুন কৌশল শুরু করেন। তখন থেকেই শিশুদের ব্যবহার বাড়তে থাকে।
মাদকের কাজে শিশুদের ব্যবহার নিয়ে অধিদপ্তর প্রথম জরিপ করে ২০০২ সালে। ওই বছর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছয় হাজার ৮৬৩ জনকে আটক ও গ্রেপ্তার করে। এদের ৬ শতাংশ ছিল শিশু। ২০০৩ সালে ছয় হাজার ৫৭৫ জনের মধ্যে ১৩ শতাংশ, ২০০৫ সালে আট হাজার ৮১ জনের মধ্যে ১৮ শতাংশ এবং ২০১০ সালে আটক ও গ্রেপ্তার হওয়া আট হাজার ২৮৩ জনের মধ্যে শিশু ছিল ২১ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে প্রায় ২৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব প্রথম আলোকে বলেন, মাদক চোরাচালান ও বিক্রির কাজে ব্যবসায়ীরা শিশুদের নিরাপদ মনে করেন। শিশুদের হঠাৎ করে কেউ সন্দেহ করে না। অল্প টাকায় শিশুদের দিয়ে কাজ করানো যায়। তা ছাড়া এই কাজে জড়িত শিশুদের প্রায় সবাই ছিন্নমূল। পুলিশ এদের ধরলে তা নিয়ে সমাজে আলোচনা হয় না। ফলে শিশুদের যাঁরা ব্যবসায় নামাচ্ছেন, তাঁরা ধরাছোঁয়ার বাইরে থেকে যান।
গত জুলাইয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রবিউল নামে ১৩ বছরের এক শিশুকে গ্রেপ্তার করে। রবিউল পুলিশকে জানায়, দুই বছর আগে মাদকসহ সায়েদাবাদ এলাকায় সে পুলিশের হাতে ধরা পড়ে। বয়স কম হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। রবিউল আদালতে বলেছে, সে বাস ও রেলস্টেশনে বিড়ি-সিগারেট বিক্রি করে। এর মধ্যে সে গাঁজা ও হেরোইন আনা-নেওয়া করে। এবার আদালত তাকে এক মাসের দণ্ড দিয়ে কিশোর শোধনাগারে পাঠিয়ে দিয়েছেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, দেশে পথশিশু ছয় লাখ ৭৪ হাজার। অন্যদিকে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের জরিপে বলা হয়েছে, পথশিশুদের মধ্যে ৫০ শতাংশের মা-বাবা বা ভাইবোনদের কেউ না-কেউ মাদকাসক্ত অথবা মাদক ব্যবহারের সঙ্গে জড়িত। আবু তালেব বলেন, এই শিশুদের অনেকেই পারিবারিকভাবে মাদক ব্যবসায় ঢুকে যায়।
জুলাইয়ের শেষ সপ্তাহে আট বছরের মাদকাসক্ত এক শিশুকে তার মা-বাবা একটি বেসরকারি পুনর্বাসনকেন্দ্রে নিয়ে আসেন। চিকিসৎকেরা জেনেছেন শিশুটি ইয়াবা খায়। নিম্নবৃত্ত পরিবারের এই শিশুর বড় ভাই তাকে দিয়ে ইয়াবা আনা-নেওয়ার বা ‘কুরিয়ারের’ কাজ করাত। সে মালিবাগ রেলক্রসিংয়ের পশ্চিম পাশে দাঁড়াত। তার কাছ থেকে কিছু লোক বড় ভাইয়ের দেওয়া ইয়াবা নিত। কখনো কখনো শিশুটিও ইয়াবা খেয়েছে। একপর্যায়ে শিশুটি আসক্ত হয়ে পড়ে।