মাদক ছাড়তে বলায় স্ত্রীকে জখম, স্বামী গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাওড়ি ইকুরিয়াকান্দা গ্রামে গত রোববার মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আহত নারীর নাম ঝর্ণা বেগম। তাঁকে গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামীর নাম তারা মিয়া। তাঁর বাড়ি নাওড়ি ইকুরিয়াকান্দা গ্রামে।
ঝর্ণা বেগমের বড় ভাই রুস্তম আলী বলেন, মাদকের নেশা ত্যাগ করার জন্য ঝর্ণা সম্প্রতি তাঁর স্বামীকে চাপ দিচ্ছিলেন। রোববার এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে তারা মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে ঝর্ণাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় ব্যক্তিরা ঝর্ণাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গ্রামের লোকজন তারা মিয়াকে ধরে পুলিশে সোপর্দ করেন।
রুস্তম আরও বলেন, বিয়ের পর তারা মিয়া এক লাখ টাকা যৌতুক দাবি করলে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। তারা মিয়া ওই অর্থ মাদক ও জুয়ার পেছনে নষ্ট করেন। এ কারণে তাঁর বোন তারা মিয়াকে টাকা দিতে নিষেধ করেন। এ
কারণে তারা মিয়া ঝর্ণার ওপর ক্ষুব্ধ ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন গতকাল বুধবার বলেন, তাৎক্ষণিকভাবে থানায় কেউ অভিযোগ না করায় সোমবার বিকেলে তারা মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আহত গৃহবধূর ভাই গতকাল থানায় এজাহার জমা দিয়েছেন। দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে।