মাদক জব্দের অভিযান মিলল বিপুল অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য ছিল বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় যুবলীগ কর্মী নান্টু প্রামাণিকের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের মজুত গড়ে তোলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গত সোমবার সেখানে অভিযান চালায় টাস্কফোর্স।
অভিযানে মাদকদ্রব্য মিলেছে সামান্য। কিন্তু নান্টু প্রামাণিককে আটকের পর তাঁর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। উদ্ধার তালিকায় রয়েছে তিনটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন এবং একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, দেশি-বিদেশি ছোড়া ও চাক, ৩০০ গ্রাম গাঁজা এবং ১ লাখ ৬০ হাজার টাকা।
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটক নান্টু প্রামাণিক সন্ত্রাসীদের হাতে নিহত যুবলীগ নেতা মজনুর ছোট ভাই এবং আরেক যুবলীগ নেতা আমিনুর রহমান শাহিন হত্যা মামলার আসামি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর সার্কেলের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, অধিদপ্তরের কাছে গোয়েন্দা তথ্য ছিল, নান্টু প্রামাণিকের ফুলতলার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার মজুত গড়ে তোলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিসকে প্রধান করে টাস্কফোর্স গঠন করা হয়।
তায়েব-উর রহমান বলেন, সেখানে অস্ত্রের মজুত থাকতে পারে এমনটা ধারণা ছিল না। কিন্তু ফুলতলা আমেরিকা বোর্ডিং সংলগ্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযানে ‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসে। নান্টু প্রামাণিককে আটকের পর তাঁর কোমর থেকে প্রথমে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার হয়। এরপর শয়নকক্ষের তোশকের নিচ থেকে আরও দুটি অত্যাধুনিক পিস্তল, ৪১ রাউন্ড গুলি, ঘরের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। ঘণ্টাব্যাপী ওই অভিযানে নগদ টাকা ছাড়াও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
শাজাহানপুর থানার কইগাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী বলেন, নান্টু প্রামাণিক একজন চিহ্নিত সন্ত্রাসী। বড়ভাই মজনু খুনের পর স্থানীয় সন্ত্রাসী চক্রের একটি অংশের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে খুন-হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নান্টু প্রামাণিক যুবলীগের কোনো নেতা নন, সাধারণ কর্মী হিসেবে মাঝেমধ্যে মিছিলে আসতেন।