মালিবাগে ওয়াহিদুল ইসলাম চৌধুরী হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম গত বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ওয়াহিদুল মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনে বাধা দিতে গেলেই তাঁকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে তাঁকে হত্যা করেছেন।
মৌসুমির জবানবন্দি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। আদালত জবানবন্দি লিপিবদ্ধ করে মৌসুমিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বুধবার মালিবাগ বাজার রোডের নিজ বাড়ির পঞ্চম তলায় ঠিকাদার ওয়াহিদুল ইসলাম চৌধুরীকে মাথায় ইটের আঘাতে হত্যা করেন তাঁর স্ত্রী মৌসুমি। পুলিশ ঘটনাস্থল থেকে মৌসুমিকে গ্রেপ্তার করে। ওয়াহিদুল পাঁচতলা বাড়ির মালিক। পরে রাতে তাঁর ছোট ভাই এমদাদুল ইসলাম বাদী হয়ে ওয়াহিদুলের স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেন।
শাহজাহানপুর থানার ওসি শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মৌসুমি তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। মৌসুমি আদালতকে বলেন, তাঁর স্বামী ওয়াহিদুল মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনে বাধা দিতে গেলেই তাঁকে মারধর করতেন। তাঁকে অকথ্য গালাগাল দিতেন। দিনের পর দিন এই নির্যাতন সইতে না পেরে তিনি তাঁর স্বামীকে হত্যার পরিকল্পনা নেন।
মৌসুমি আদালতকে বলেন, গত বুধবার ভোরে ওয়াহিদুল শোবার ঘরে মাদক সেবন করতে গেলে মৌসুমি তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি ইট এনে ওয়াহিদুলের মাথা ও কপালে একের পর এক আঘাত করেন। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। পাশের কক্ষে থাকা তাঁদের একমাত্র সন্তান কলেজপড়ুয়া নিলয় ইসলাম বিষয়টি টের পাননি। সকালে নিলয় নটর ডেম বিশ্ববিদ্যালয়ে চলে যান। দুপুরবেলা মৌসুমি বাসা থেকে বেরিয়ে চতুর্থ তলায় থাকা তাঁর ছোট ননদকে ওয়াহিদুলকে খুন করার কথা জানান। এ সময় ওয়াহিদুলের স্বজনেরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। ফুফা বশির আহমেদ বলেন, নিলয়ের দেখাশোনার দায়িত্ব এখন তাঁদের। তাঁর জন্য তাঁরা সবকিছুই করবেন। স্বজনেরা জানান, মা জেলে এবং বাবা চলে গেছেন, এ অবস্থায় ওয়াহিদুল-মৌসুমি
দম্পতির বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছেলে নিলয় বারবার মূর্ছা যান। জ্ঞান ফিরে এলে তিনি বলেন, ‘বাবা চিরতরে চলে গেলেন এবং মা-ও চলে গেলেন। আমাকে তো এখন দুই কূলই হারাতে হলো।’