মাদক দিতে এসে প্রাণ নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোম সার্ভিসে’ ফেনসিডিল সরবরাহ করতে আসা মাদক বিক্রেতারা মালিবাগের ব্যবসায়ী আবদুস সাত্তারকে (৪১) মসলা পেষার শিলনোড়া দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজন গত মঙ্গলবার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন।

গত ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর মালিবাগের পাবনা কলোনির একটি ভবনের ছয়তলার চিলেকোঠায় নিজের বাসায় হামলার শিকার হন ব্যবসায়ী সাত্তার। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই বাসায় সাত্তার স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে থাকতেন। ঘটনার সময় সাত্তার একাই বাসায় ছিলেন।

পুলিশ জানিয়েছে, আবদুস সাত্তার রঙের ব্যবসা করেন বলে সবাই জানতেন। কিন্তু মাদক ব্যবসায়ীরা ধারণা করেছিলেন যে তিনি অবৈধ মুদ্রা ব্যবসার (হুন্ডি) সঙ্গে যুক্ত। তাঁকে প্রায়ই অনেক টাকা গুনতে দেখে ছয় মাস ধরে মাদক ব্যবসায়ীরা সেই টাকা লুটের পরিকল্পনা করেন। হুন্ডির টাকা লুট করলে বেশি হইচই হবে না—এ রকম একটা ধারণা ছিল তাঁদের। কিন্তু টাকা লুট করতে গিয়ে সাত্তারকে খুন করে বসেন তাঁরা। হত্যার পরে মামলাটি প্রথমে তদন্ত করে শাহজাহানপুর থানার পুলিশ। পরে গত ১৯ জানুয়ারি মামলার তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক স ম কাইয়ুম প্রথম আলোকে বলেন, মামলাটি হাতে পাওয়ার পর প্রথাগত সোর্স ও প্রযুক্তি ব্যবহার করে কয়েকজনকে শনাক্ত করা হয়। সে অনুযায়ী গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে মো. রুবেল (২৩) ও ভাটারার নূরেরচালা থেকে জহুরা আক্তার ওরফে মেরিকে (৪১) গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রুবেল ও মেরি ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলাটির তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গ্রেপ্তার রুবেল ও জহুরা দুজনই মাদক ব্যবসায়ী। আর সাত্তারের বাসার অনেক টাকার খোঁজটি বের করেন তাঁদের আরেক সহযোগী হানিফ। সেই থেকে তাঁর লোভ হয় সেই টাকা লুটের। হানিফ বিষয়টি তাঁর সহযোগী জহুরা ও রুবেলের কাছে প্রকাশ করেন। এরপর তাঁরা প্রায় ছয় মাস ধরে সাত্তারের টাকা লুট করার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার দুজনেরই ভাষ্য, এই হানিফই সাত্তারের মাথায় শিলনোড়া দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তাঁকে এখনো ধরা যায়নি, তবে চেষ্টা চলছে।

গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জহুরা বলেছেন, সাত্তার নামের ওই লোকটির বাসায় মাঝেমধ্যেই তিন-চারজন লোককে অনেক টাকা গুনতে দেখতেন হানিফ। পাঁচ-ছয় মাস আগে তাঁকে বিষয়টি জানিয়ে হানিফ বলেন, ‘লোকটা সম্ভবত হুন্ডির ব্যবসা করে। ওর ব্যবসা তো অবৈধ, ধরলে টাকা দিয়ে দেবে।’ এরপর থেকেই তাঁরা হানিফকে পর্যবেক্ষণে রাখছিলেন। ছাত্তারের চাহিদা অনুযায়ী মাঝেমধ্যেই তাঁর বাসায় ফেনসিডিল সরবরাহ করতে তাঁরা রুবেলকে পাঠাতেন। গত বছরের ডিসেম্বরে সাত্তারকে ফোন দিয়ে মাদক সরবরাহ লাগবে কি না, জিজ্ঞেস করেন হানিফ। তখন সাত্তার জানান, ২৩ ডিসেম্বর তাঁর পরিবার গ্রামের বাড়িতে যাবে, এরপরে যেন মাদক সরবরাহ করা হয়। ২৫ ডিসেম্বর সকালে হানিফকে ফোন করে দুটি ফেনসিডিল দিয়ে যেতে বলেন সাত্তার। চাহিদামতো হানিফ ফেনসিডিল নিয়ে সাত্তারের বাসায় গিয়ে দেখেন সেখানে আর কেউ নেই। বাসায় সাত্তার একা থাকার পরও ফেনসিডিল দিয়ে চলে আসেন হানিফ। রাতে ফোন করে জহুরাকে বলেন, বিশাল সুযোগ হাতছাড়া হয়ে গেছে, ‘কাজটা’ আজকেই করা যেত, এখন সাত্তারের বাসায় কেউ নেই। রাতেই হানিফ পরিকল্পনা করেন পরদিন তাঁরা সাত্তারের টাকা লুট করবেন।

জবানবন্দিতে জহুরা বলেন, পরদিন সকালে দুটি ইয়াবা নিয়ে রুবেলকে খিলগাঁওয়ে থাকতে বলা হয়। সেদিন (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জহুরা হানিফকে ফোন দিলে তিনি সেটা ধরেননি। পরে রুবেলকে ফোন দিয়ে জানতে পারেন যে রুবেল মোটরসাইকেল নিয়ে সাত্তারের বাসার আশপাশে অপেক্ষা করছেন আর হানিফ ওপরে গেছেন। প্রায় ৪০ মিনিট পর রুবেলের ফোন থেকে কল করে হানিফ জানান, ‘কাজটা’ তাঁরা করেছেন। আড়াই লাখ টাকা পাওয়া গেছে। এর মধ্যে ৫০ হাজার টাকা তিনি রুবেলকে দেন। আর পরে তিন দফায় বিকাশের মাধ্যমে ৭৫ হাজার টাকা জহুরা আক্তারকে দিয়েছেন হানিফ।

তবে পুলিশ বলছে, আসামিরা আড়াই লাখ টাকা লুটের কথা বললেও সাত্তারের বাসা থেকে হানিফ আরও বড় অঙ্কের টাকা লুট করেছেন বলে তাঁদের ধারণা।