মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার জাগরণ মাদকাসক্ত নিরাময় ও সহায়তা কেন্দ্রে মো. মামুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। রাজধানীতে অপর ঘটনায় ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহার হোসেন প্রথম আলোকে বলেন, মাদক নিরাময় কেন্দ্রে মারা যাওয়া যুবকের বাবার নাম মোহাব্বত আলী। তাঁর পরিবার হাজারীবাগ এলাকায় বসবাস করেন। মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবার তাঁকে জাগরণে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন থাকার সময় গতকাল ভোরবেলা তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আজহার আরও বলেন, মামুনের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তাঁর পরিবারের লোকজনও এ নিয়ে অভিযোগ করেননি।