মাদক বিক্রিতে বাধা, কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে রতন চন্দ্র (২০) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় তারা রতনের ভাই বিপুল চন্দ্রকেও (২৩) ছুরিকাঘাত করে। গুরুতর আহত বিপুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই নজরুল ইসলাম (৩৫) ও রনজু মিয়া (৩০) নামের দুজনকে আটক করে পুলিশ। রতন উপজেলার মহেশপুর গ্রামের তরণী কান্তের ছেলে ও সদর উপজেলার তুলসীঘাট ছামছুল হক ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রতনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রতনদের বাড়ির সীমানা ঘেষেই নজরুল ও রনজুর মনিহারি দোকান রয়েছে। নজরুল ও রনজু দোকান থেকে নিয়মিত ফেনসিডিল বিক্রি করতেন। মাদকসেবীরা ফেনসিডিল খেয়ে রতনদের বাড়ির কাছে বোতল ফেলে দিত। এ কারণে রতন ও বিপুল মাদক বিক্রি করতে নজরুল ও রনজুকে নিষেধ করেন। এতে নজরুল ও রনজু ক্ষিপ্ত হন। এর জের ধরে মঙ্গলবার রাত দেড়টার দিকে ১০-১২ জন লোক নিয়ে নজরুল ও রনজু তাঁদের (রতন ও বিপুল) ঘরে ঢোকেন। হামলাকারীরা ছুরি ও রামদা দিয়ে রতন ও বিপুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রতন মারা যান। বিপুলকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে নজরুল ও রনজু মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রতনকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন।