মাদক বিক্রির সেই ৪০ স্থানের ১৮টিতে অভিযান
অবশেষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গত ১০ দিনে উপজেলায় মাদক বিক্রির ১৮টি স্থানে অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে গ্রেপ্তার এবং বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গুরুই ইউনিয়নের মুসলিম; জারুইতলা ইউনিয়নের পুড্ডা বাজারের ইসলাম মিয়া ও আঠারবাড়িয়া গ্রামের সাহেব উদ্দিন; ছাতিরচর ইউনিয়নের রসদ পাগলা ও কামাল মিয়া; দামপাড়া বাজারের আনোয়ার সাহাদাৎ; কারপাশা মুচিবাড়ির নির্মল রবিদাস।
১৭ আগস্ট প্রথম আলোয় ‘নিকলীর ৪০টি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ওই স্থানগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন। ১৮ আগস্ট অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট আট লিটার মদসহ গুরুই ইউনিয়নের মুসলিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন জারুইতলা ইউনিয়নের পুড্ডা বাজারে অভিযান চালিয়ে ইসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের নামে নিকলী থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার ছাতিরচর ইউনিয়নে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ রসদ পাগলা ও কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই দিন দামপাড়া বাজারের একটি ফার্মেসি থেকে ১৪টি ইয়াবা বড়িসহ আনোয়ার সাহাদাৎকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই কারপাশা মুচিবাড়িতে অভিযান চালিয়ে মদ বিক্রির অভিযোগে নির্মল রবিদাসকে গ্রেপ্তার করা হয়।