মাদক বিক্রেতা দম্পতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার বাসিন্দারা মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী ও এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাঁরা হলেন একই মহল্লার মাদক বিক্রেতা মো. শাহীন (৩৫) ও তাঁর স্ত্রী মোছা. মনজিনা খাতুন (৩০) এবং মাদকসেবী মো. হাসান আলী (২৫)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই পাড়ার বাসিন্দারা স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্যদের সহযোগিতায় তাঁদের আটক করেন। এ সময় মাদক বিক্রেতার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক বিক্রেতা দুজনকে মাদকদ্রব্য আইনে মামলায় গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলে তাঁকেও কারাগারে পাঠানো হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|