ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে আটকের দুই ঘণ্টা পর ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার মাছিমনগরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগরে মাদক বিক্রেতা মর্জিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। মর্জিনাকে অধিদপ্তরের মাইক্রোবাসে উঠিয়ে উপজেলা ফরদাবাদ গ্রামের আরেক মাদক ব্যবসায়ী হোসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে হোসনাকে গ্রেপ্তার করা হয়। পরে হোসনার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের ফুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় মর্জিনা বেগম ও হোসনা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাইক্রোবাসে রাখা হয়। দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে মর্জিনাকে ফরদাবাদ গ্রামের মোড় (গকুলনগর মোড়) নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আমি শুনেছি, মাদকদ্রব্যের লোকজন ৫০ হাজার টাকার বিনিময়ে মর্জিনাকে ছেড়ে দিয়েছে।’
মর্জিনা বেগমের মেয়ে মুন্নি আক্তার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমার আম্মারে পুলিশে ধইরা নিয়া গেছে। আমার আম্মারে ছাড়াইতে আমার ভাই বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে।’
মর্জিনা বেগম দাবি করেন, ‘আমারে কিছু লোকজন ধইরা মাইক্রোবাসে ফরদাবাদ নিয়া যায়, পরে আমারে ছাইরা দিছে তারা। আমি এখন মাদকের ব্যবসা করি না, মাইনষে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আমারে ধরাইতে চাইছিল। আমি কোনো টেকা দেই নাই কাউকে।’
তবে মর্জিনা যে সত্য কথা বলছেন না, তা বাঞ্ছারামপুর থানায় তাঁর বিরুদ্ধে করা মামলার সংখ্যা দেখেই বোঝা যায়। থানা সূত্রে জানা গেছে, মাছিমনগর গ্রামের প্রবাসী রেজাউল করিমের স্ত্রী মর্জিনা বেগমের নামে বিভিন্ন সময়ে মাদকের ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জিল্লুর রহমান বলেন, মর্জিনার বাড়িতে অভিযান চালানো হয়েছিল, তবে মাদক না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি। টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।
অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন গতকাল বুধবার বলেন, ‘বাঞ্ছারামপুরে গত মঙ্গলবার ছয় সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ শুনেছি। এ বিষয়ে বিভাগীয় তদন্ত হবে।’