মোহাম্মদপুরে মাদক বিক্রেতাদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের কর্মকর্তারা জেনেভা ক্যাম্পে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন। পরে অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সহায়তায় ওই ক্যাম্পে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে আটকে পড়া পাকিস্তানিদের জেনেভা ক্যাম্পে মাদক বেচাকেনা হয়। এর ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্যাম্পে অভিযান চালাতে যান।
এ সময় ওই ক্যাম্পের বাসিন্দা মাদক বিক্রেতারা অভিযানকারীদের লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছুড়ে মারে। ইটের আঘাতে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা আহত হন। অভিযান দলে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করা হয়। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।
এর আগেও জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হামলার শিকার হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ তৌফিক উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, জেনেভা ক্যাম্পে মাদক বেচাকেনা হয় এমন খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়।
কিন্তু ঘটনাস্থলে অধিদপ্তরের কর্মকর্তারা যাওয়ার পর মাদক বিক্রেতা ও তাদের সহযোগীরা অভিযান পরিচালনাকারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। হামলাকারীরা ইট ও পাথরের টুকরা নিক্ষেপ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।