মাদক ব্যবসা: স্ত্রীসহ গ্রেপ্তার বাসাইলের সেই নেতাকে বহিষ্কার করল আওয়ামী লীগ

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তাঁর সভাপতিত্বে ওই সভা হয় বলে তিনি জানান। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেমকে সাময়িক অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে দেওয়া হয়েছে ।
গত বুধবার বেলা ১১টায় পার্শ্ববর্তী উপজেলার সখীপুরের একটি বাসা থেকে ফজলুর রহমান (৫০) ও তাঁর স্ত্রী রালিমা শিখাকে (৪০) গ্রেপ্তার) করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা রালিমা শিখার কাছ থেকে তিন হাজার পিচ ইয়াবা বড়ি জব্দ করেছে। এই মাদক ব্যবসার সঙ্গে তাঁর স্বামীও জড়িত।
পরে বুধবার বিকেলেই সাত দিনের রিমান্ড চেয়ে ফজলুর রহমান ও রালিমাকে টাঙ্গাইল আদালতে পাঠায় পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।