মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পত্রিকার এক হকার, তাঁর বৃদ্ধ বাবা এবং দুই ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। মামলায় ওই হকার, তাঁর বাবা ও দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং সহায়তার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের শামীম মিয়ার বাড়িতে তিন মাস ধরে নয়নতারা (৩৫) নামের এক নারী ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। স্থানীয় লোকজনের অভিযোগ, তিনি একজন মাদক ব্যবসায়ী।
গত ১২ ফেব্রুয়ারি শামীম মিয়ার প্রতিবেশী ইমান আলীর (৫৫) ছেলে আমীর আলীসহ (১৮) কয়েকজন কিশোর-যুবক নয়নতারাকে ওই এলাকায় থেকে মাদক ব্যবসা করতে নিষেধ করেন। তাঁরা নয়নতারার মাদক ব্যবসা নিয়ে নানা কটূক্তিও করেন। এর পরদিন ইমান আলী, তাঁর তিন ছেলে মারুফ মিয়া (৩৫), আরব আলী (৩০) ও আমীর আলীর বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নয়নতারা। পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এরপর ১৬ মার্চ নয়নতারা ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে ২১ মার্চ সরাইল থানা মামলা নেয়। মামলায় ওই চারজনকেই আসামি করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নয়নতারার এক মেয়েকে (১৪) ১৪ মার্চ রাত নয়টার দিকে আমীর আলী ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমীর আলী ওই কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মামলায় ইমান আলী ও তাঁর অন্য দুই ছেলেকে আমীর আলীর সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
ইমান আলী বলেন, ‘আমরা নিরীহ মানুষ, আমার ছেলেরা দিন-রাত কামকাইজ নিয়া ব্যস্ত তাহে। অহন সবাই সারা দিন দৌড়ের মধ্যে আছি, ছেলেরা কোনো কাজ করতে ফারে না।’
শামীম মিয়া বলেন, ‘ওই মহিলা অসহায় সেজে মিথ্যা কথা বলে বাড়িভাড়া নিছেন। বাড়ি ছাড়ার কথা বললেই নানা হুমকি-ধমকি দেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, নয়নতারা কয়েক মাস আগে জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ইমান আলী ও তাঁর ছেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যমূলক।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, মামলার তদন্ত শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে তা আদালতে পেশ করা হবে।