মাদক ব্যবসার অভিযোগে দুটি ঘর ভাঙচুর
ফরিদপুরে মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে নষ্ট করার অভিযোগে এক নারীর দুটি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুকি বেগম (৪২) নামের এক নারী নরসিংহপুর গ্রামে মাদক ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরকান্দা থানার পুলিশ খুকি বেগমের বাড়ি তল্লাশি করে ১৫টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই নগরকান্দা থানায় মামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নরসিংহপুর গ্রামের শতাধিক ব্যক্তি খুকি বেগমের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা খুকি বেগমের একটি দোচালা টিনের ঘর ও একটি টিনের ছাপরা ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইম উদ্দীন মণ্ডল বলেন, খুকি বেগমের মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে। এ কারণে এলাকাবাসী খুকি বেগমের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জেরে দুটি ঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন বলেন, ‘খুকি বেগমের দুটি ঘর এলাকাবাসী গুঁড়িয়ে দিয়েছে বলে শুনেছি। খুকি বেগমকে গতকাল মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’