মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন আবদুল্লাহ শেখ (২৫), আলমগীর হোসেন (২৬), নাছির খান (২৫), ঝন্টু মণ্ডল (২৬) ও ফিরোজ শেখ (২০)।
পুলিশের ভাষ্য, গোয়ালন্দ পৌরসভার কাজিপাড়ার বাসিন্দা আবদুল্লাহ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। ৫৫ পুরিয়া হেরোইনসহ তাঁকে যৌনপল্লির পুড়াভিটা থেকে গ্রেপ্তার করা হয়। ৫০২টি ইয়াবাসহ আলমগীর হোসেনকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট পুলিশ। তিনি স্থানীয় সোহরাব মণ্ডলপাড়ার আবুল কালাম শেখের ছেলে। এ ছাড়া ২১টি ইয়াবাসহ দৌলতদিয়া ওয়াহেদ ফকিরপাড়ার নাছির খান, ২২টি ইয়াবাসহ হোসেন মণ্ডলপাড়ার ঝন্টু মণ্ডল এবং ২১টি ইয়াবাসহ গফুর মোল্লার পাড়ার ফিরোজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে ৬০০ ইয়াবাসহ আলমগীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান। মাস না পেরোতেই তিনি জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গ্রেপ্তার ব্যক্তিদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।