মাদক ব্যবসার জেরে একজনকে কুপিয়ে হত্যা
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার রাতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব সফিপুর এলাকায়।
নিহত ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম (৩৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব সফিপুর এলাকার সাত্তার সর্দারের ছেলে। তাঁর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অন্তত ৩০টি মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতেই বসবাস করতেন সিরাজ। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদক। এর সঙ্গে তাঁর স্ত্রী রুবি আক্তারও জড়িত। অতীতে তাঁরা একাধিকবার গ্রেপ্তারও হন।
পুলিশ জানায়, মাদক ব্যবসা নিয়ে একই এলাকার মামুন, মনির, শাকিল, মাসুদ ও জাহাঙ্গীরের সঙ্গে সিরাজের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রোববার রাত সাড়ে আটটার দিকে বাড়ির কাছেই তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। তারা তাঁর হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।