মাদক ব্যবসার প্রতিবাদ করায় গুলি, আ.লীগ নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় গুলিতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনার বদলা নিতে পাল্টা হামলায় আওয়ামী লীগ নেতাসহ আর পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হকের ছোট ভাই আবু সুফিয়ান ও তাঁর সহযোগীরা উত্তর মোহাম্মদপুর গ্রামের মোস্তফা ভূঁইয়ার ছেলে মো. মামুনকে মারধর করেন। গতকাল সকালে মামুন তাঁর বাবাসহ স্থানীয় দোকানঘরের সামনে গিয়ে এলাকার মুরুব্বিদের ঘটনাটি জানান। খবর পেয়ে কিছুক্ষণ পরই সুফিয়ান দলবল নিয়ে সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মামুন (২৮), মোস্তফা ভূঁইয়া (৫২) ও মো. জিহান (২৬) গুলিবিদ্ধ হন।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আবদুল হকদের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এতে আবদুল হকসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জানান, মাদক ব্যবসার প্রতিবাদ করা নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে গুলির ঘটনাও ঘটেছে বলে তিনি শুনেছেন। এ কারণে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে আবদুল হকের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে আবদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ক্ষুব্ধ লোকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।