মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণ করে মারধর করেছে সন্ত্রাসীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা করার পর তাঁর বোনের বাড়িতেও হামলা এবং লুটপাট চালায় মাদক ব্যবসায়ীরা। বোনের হাত ভেঙে দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে চকরিয়া পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কাউন্সিলর নজরুল ইসলাম তাঁর ওপর নির্যাতনের এ বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীও। তিনি বলেন, কাউন্সিলর নজরুল ইসলাম অপহরণের সঙ্গে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর বশিরুল আইয়ুব, রেজাউল করিম, জিয়াবুল হক, মুজিবুল হক, জাফর আলম, মকছুদুল হক, ফোরকানুল ইসলাম, নারী কাউন্সিলর রাশেদা বেগম, খুকু মণি, আনজুমান আরা বেগম।
কাউন্সিলরকে অপহরণ করে মারধর ও তাঁর বোনের বাড়িতে হামলার প্রতিবাদে গতকাল বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, তাঁর ওয়ার্ডে মাদক বিক্রি নিষিদ্ধ। কয়েকজন খুচরা মাদক বিক্রেতাকে পুলিশের কাছে সোপর্দও করেন তিনি। এতে ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা। তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ভাঙার মুখ এলাকায় তাঁর ব্যবসায়িক কার্যালয়ের সামনে থেকে ১৮-২০ জন সন্ত্রাসী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করে। সন্ত্রাসীরা তাঁদের আস্তানায় নিয়ে বন্দুক ও রড দিয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনতার প্রতিরোধের মুখে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
নজরুল বলেন, গত শনিবার রাত আটটার দিকে নিচপানখালী এলাকার তাঁর বোন হুমায়রা বেগমের বাড়িতে ঢুকে লুটপাট চালায় সন্ত্রাসীরা।
মামলায় ১০ জনের নাম উল্লেখ করেছেন কাউন্সিলর নজরুল। তাতে ১ নম্বর আসামি করা হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াউদ্দিন বাবুলকে। জানতে চাইলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, কাউন্সিলরকে অপহরণের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কাউন্সিলর নজরুলকে অপহরণের ঘটনায় একজন গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।