মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রামে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় পরিবারটির এক নারীসহ দুজন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন নাওড়ী গ্রামের শিল্পী বেগম (৪০) ও শেখ ফরিদ (২৮)। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শেখ ফরিদ অভিযোগ করেন, একই এলাকার যুবলীগ নামধারী বদিউল আলম ওরফে বেলাল তাঁর অনুসারীদের মাধ্যমে প্রায় পুরো গ্রামের তরুণদের মধ্যে ইয়াবার নেশা ছড়িয়ে দিয়েছেন। এসবের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বেলাল। গত শুক্রবার বিকেলে বেলালের নেতৃত্বে এক দল সন্ত্রাসী অতর্কিতে তাঁদের বাড়িতে এসে হামলা চালিয়ে তাঁকে আহত করেন। মঙ্গলবার সকালেও বেলাল বাড়িতে ঢুকে তাঁকে খোঁজাখুজি করেন। না পেয়ে বাড়িতে থাকা তাঁর চাচি শিল্পী বেগমকে মারধর করেন।

তবে ইয়াবা ব্যবসা কিংবা অন্য কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বেলাল। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, গত বছর র‌্যাব আটক করার আগে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে এর সঙ্গে জড়িত নন তিনি।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, হামলার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।