মাদক ব্যবসায় জড়াতে রাজি না হওয়ায় ট্রলারশ্রমিক এক যুবককে চার ভাই মিলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম মো. লিখন (৩৫)। আর অভিযুক্ত চার ভাই হলেন সানি, মুনসুর, বায়েজিদ ও সাদ্দাম। এলাকায় তাঁরা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পিটুনির ঘটনায় দুজন গুরুতর আহতও হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চোর আখ্যা দিয়ে লিখন এবং তাঁর দুই বন্ধু জামাল ও হৃদয়কে তাঁদের বাড়ি থেকে তুলে নিজেদের বাড়িতে নিয়ে যান একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সানি, মুনসুর, বায়েজিদ ও সাদ্দাম। এ সময় কয়েকজন সহযোগীও তাঁদের সঙ্গে ছিল। বাড়িতে নিয়ে ওই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই লিখনের মৃত্যু হয়। গুরুতর আহত হন জামাল ও হৃদয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে লিখনের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। গুরুতর
আহত জামাল ও হৃদয়কে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় এলাকার লোকজন সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সানি ও তাঁদের এক সহযোগী টিটুকে গ্রেপ্তার করে।
লিখনের স্ত্রী শাহনাজ বেগম বলেন, তাঁর স্বামী ট্রলারে শ্রমিকের কাজ করতেন। কয়েক দিন ধরে তিনি বেকার ছিলেন। তাঁদের প্রতিবেশী সানি, মুনসুর, বায়েজিদ ও সাদ্দাম মাদক বিক্রি করেন অনেক দিন থেকে। তাঁরা লিখনকে সহযোগী হিসেবে কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু লিখন রাজি হননি।
শাহনাজ বলেন, ‘মুনসুর ও সানি লিখনকে ইয়াবা বিক্রির জন্য চাপ দিলে সে বিষয়টি আমাকে জানায়। আমি তাকে বলি, তুমি বেকার থাকলে থাকো। আমি নার্সের চাকরি করি, তাই দিয়া আমরা সংসার চালাইতে পারমু। তবুও মাদক ব্যবসায় জড়াইও না।...আমার স্বামী ওদের সঙ্গে যায় নাই বলেই ওরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
শান্তিনগর এলাকার বাসিন্দা আমানউল্লার ছেলে লিখনের একটি পুত্রসন্তান আছে।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, চোর অপবাদ দিয়ে লিখনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।