মাদক ব্যবসায় জড়িত সন্দেহে বহিরাগত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে বহিরাগত এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন স্নাতকোত্তর করছেন বলে দাবি করেছেন। গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে হলের আবাসিক শিক্ষকেরা তাঁকে আটক করেন। তবে তাঁর কাছে কোনো মাদক পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে আমিনুলকে আটক করে হল প্রশাসন। তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আমিনুল বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৭০০৯ নম্বর কক্ষে ছিলেন। ওই কক্ষটি ছাত্রলীগের কর্মী আরিফ শেখের।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আরিফ শেখ প্রথম আলোর কাছে দাবি করেন, আমিনুল তাঁর দূর সম্পর্কের মামা। তিন দিন আগে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁকে দেখতে আসেন আমিনুল। তবে হল প্রশাসনকে বিষয়টি না জানানোয় তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঘটনার বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আমিনুল বেশ কিছুদিন ধরে হলে থাকতেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে হল কর্তৃপক্ষের কাছে আগে থেকে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে হলের আবাসিক শিক্ষকদের নিয়মিত অভিযানে তাঁকে আটক করা হয়। এখন পুলিশ খুঁজে বের করবে আসলেই সে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত কি না।