মাদক ব্যবসায় পুলিশের সহায়তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় হত্যাকাণ্ড, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্য আছে বলে এসব অপরাধ সংঘটিত হচ্ছে।
গত সোমবার সকালে জয়দেবপুর থানায় একটি কক্ষে পুলিশের ওপেন হাউস ডের আয়োজন করা অনুষ্ঠানে কাজীপাড়া এলাকার বাসিন্দা ও কমিউনিটি পুলিশের সদস্য আবদুর রশিদ এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, পুলিশকে তথ্য দিলে তারা তথ্যদাতার নাম জানিয়ে দেয়। ফলে তথ্য দিয়ে উল্টো বিপদে পড়তে হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আলম চাঁদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, সাংবাদিক দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, রিপন শাহ প্রমুখ।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক-এর গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান বলেন, ওপেন হাউস ডে অনুষ্ঠানে কথা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কাজ আর হয় না। তিনি আরও বলেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে গ্রেপ্তারবাণিজ্য চলে। আসামি ধরার পর মধ্যরাতে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি খোলামেলাভাবে চলছে। পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান না চালিয়ে বরং সুবিধা নিচ্ছে।
ব্যবসায়ী সোহনুর রহমান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকা এখন মাদক ব্যবসায়ীদের দখলে। এলাকাটি জয়দেবপুর থানার কাছে হলেও পুলিশের ভূমিকা রহস্যজনক।
দেলোয়ার হোসেন বলেন, জয়দেবপুর থানা ও থানাধীন হোতাপাড়া ফাঁড়িসহ ভোগড়া, পূবাইল, চক্রবর্তী ও কোনাবাড়ী এলাকায় পুলিশ ক্যাম্প রয়েছে। এসব ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। হোতাপাড়া এলাকায় সম্প্রতি এমদাদ হোসেন নামের এক ব্যক্তি মাদক ব্যবসার প্রতিবাদ করেছিলেন। এ জন্য হোতাপাড়া ফাঁড়ি পুলিশ ১২ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে তাঁকে হাজতে পাঠায়।
সালনা এলাকার বাসিন্দা হাফেজ ওয়ালি উল্লাহ বলেন, সালনা এলাকায় রেললাইনের পাশে ও কারখানা ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের একটি আস্তানা আছে। পুলিশ সদস্যদের সেখানে যেতে দেখা যায়, কিন্তু ব্যবসা বন্ধ হয় না।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আলম চাঁদ বলেন, এখানে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাদককে নিয়ন্ত্রণ করা গেলে অপরাধ আরও কমে যাবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।