মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কুপিয়ে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভটেরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত ব্যবসায়ীর অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছেন।
আহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৭)। তিনি উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজারের ক্ষুদ্র ব্যবসা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। ওই গ্রামের বিল্লাল হোসেন তাঁদের মাদকের ব্যবসায় বেশ কয়েকবার বাধা দেন।
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বেলা ১১টার দিকে বিল্লাল আবারও শফিকুল ও মোশারফকে মাদক ব্যবসা বন্ধ করার কথা বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে তাঁদের সহযোগী ইকবাল হোসেন, বজলু মিয়াসহ ৮-১০ জনের একদল রামদা, চাপাতি, লোহার রড দিয়ে বিল্লাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় বিল্লালের আত্মীয় হযরত আলী এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি এলাকায় নেই। তিনি মুঠোফোনে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ মোশারফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।