মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দম্পতিকে মারধর, দোকানে আগুন
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত ভাইয়াপাড়া গ্রামে গতকাল বুধবার স্বামী-স্ত্রীকে পিটিয়ে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামের কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। তাঁদের মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন একই গ্রামের ব্যবসায়ী তাজুল ইসলাম। এ ঘটনার জেরে গতকাল বেলা ১১টার দিকে জুয়েল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল রামদা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী নুরজাহান বেগমকেও তারা মারধর করে। তাজুল ইসলামের মুদিদোকানে আগুন ধরিয়ে দেয় তারা। পরে স্থানীয় লোকজন আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নুরজাহান বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।
তাজুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের পিটিয়ে আহত করেছে এবং মুদিদোকানে আগুন দিয়েছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি ও আমার লোকজন জড়িত নয়।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক গতকাল রাত সাড়ে নয়টায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অন্যদেরও ধরতে অভিযান চলছে।’