মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভ্যানচালককে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় উম্বার মণ্ডল (৫২) নামের এক ভ্যানচালককে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ট্যাংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উম্বার মণ্ডল বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উম্বার মণ্ডলের স্ত্রী শিউলি বেগম বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন উম্বার মণ্ডল অভিযোগ করেন, গত সোমবার তাঁর বাড়িতে নাতির কুলখানি চলছিল। এ সময় স্থানীয় মনি শেখের ছেলে মুকুল শেখ (২৫) ইয়াবা বিক্রি করছিলেন। এ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে দর-কষাকষি করছিলেন। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় উম্বারের ভাতিজা পারভেজ সুমন তাঁদের মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তিনি (উম্বার) ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিবৃত্ত করেন। সেই সঙ্গে এলাকায় এ ধরনের ব্যবসা করলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনার পর গতকাল বুধবার দুপুরের দিকে তিনি গোয়ালন্দ বাজার থেকে ভ্যান চালিয়ে ট্যাংরাপাড়ার বরাট বাজারে যান। সেখানে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন মুকুলের নেতৃত্বে রাজ্জাক, মুনসুর, সবুজসহ ১০-১২ জন তাঁকে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মারতে থাকেন। হাতুড়ি দিয়ে আঘাত করায় তাঁর মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। এলাকাবাসীর তথ্যমতে, মুকুল স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁকে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই উম্বার মণ্ডলকে মারধর করা হয়েছে। এ ঘটনার পর থেকে মুকুল পলাতক রয়েছেন। তাঁকে ধরতে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।