ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা মাদক ব্যবসায়ী ও দালালদের দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হাসিনা আক্তার বেগম গতকাল সোমবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় অভিযোগ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র ও কয়েকটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান, গতকাল কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে চলছিল। সভায় হাসিনা আক্তার বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে সন্ধ্যার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদকসেবী-ব্যবসায়ীরা আড্ডা জমায়। হাসপাতালের ভেতরে প্রকাশ্যে চলে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন। একই সঙ্গে সকাল-সন্ধ্যায় প্রাইভেট ক্লিনিকের একশ্রেণির দালালের দখলে থাকে হাসপাতাল। আমরা তাদের সঙ্গে কুলাতে পারছি না। আমরা তাদের উৎপাতে কোণঠাসা হয়ে পড়েছি। এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’
হাসিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে একাধিকবার থানা-পুলিশকে অবহিত করেছি। এসব বিষয় নিয়ে আমার স্টাফদের সঙ্গে মাদকসেবী ও দালালদের অনেক ঝামেলাও হয়েছে। পুলিশকে জানানোর পরও কোনো প্রতিকার পাইনি। আর কোনো সমস্যা হলে পুলিশ আসে দুই ঘণ্টা পরে। এতে সমস্যা আরও বাড়ে।’
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ইউএইচএফপিওর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, এ রকম অবস্থা চলতে দেওয়া যায় না। অবশ্যই এসব বন্ধ করতে হবে।
ইউএনও প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে খুব শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, ‘দুপুরের পর হাসপাতাল থাকে ফাঁকা। এতেই কিছু সমস্যা হতে পারে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। তারপরও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’