মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
সাতক্ষীরা শহরে গতকাল শনিবার পুলিশের গুলিতে মিন্টু সরদার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তবে পুলিশের দাবি, তাদের ওপর মাদক ব্যবসায়ীরা বোমা নিক্ষেপ করায় তারা গুলি ছুড়লে মিন্টু গুলিবিদ্ধ হন। মিন্টু শহরের পলাশপোল এলাকার আবদুল গফ্ফার সরদারের ছেলে।
সাতক্ষীরার পুলিশ সুপারের দপ্তরের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ খবর পায় একটি ফেনসিডিলের চালান গতকাল ভোররাতে শহরের পলাশপোল এলাকার একটি পেট্রলপাম্প এলাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হবে। পরে সদর থানার এসআই শাখাওয়াত হোসেন ও কাটিয়া পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় যায়। ভোর সোয়া পাঁচটার দিকে তারা দেখে, দুটি মোটরসাইকেলে চারজন খুলনার দিক থেকে এসে ওই পেট্রলপাম্পের পাশে থামে। এ সময় তাদের দেওয়ার জন্য একজন বাগানের মধ্যে থেকে দুটি থলেতে করে কিছু নিয়ে আসে। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে চারজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম মিন্টু সরদার।
হাসপাতালে মিন্টু জানান, তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁকে ডেকে তুলে গতকাল ভোরে তাঁর বাড়িতে তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল পায় পুলিশ। বাড়ি থেকে তাঁকে চোখ বেঁধে ধরে নিয়ে এসে ২০-২৫ মিনিট পরে পায়ে গুলি করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, পুলিশের ওপর বোমা হামলা ও মাদক বেচাকেনার অভিযোগে মিন্টু সরদারের নাম উল্লেখ করে মামলা হয়েছে।