মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিলেন সহযোগীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পুলিশকে মারধর করে আবদুল মোন্নাফ নামের এক মাদক ব্যবসায়ীকে তাঁর সহযোগীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইমাইল কালিনগর গ্রামের ফজল আলী ও তাঁর ভাতিজা আবদুল মোন্নাফ দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১৩টি মামলা আছে। তাঁরা কারাগারেও গেছেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবারও মাদক বিক্রি করেন। মোন্নাফ মাদক বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালায়। সন্ধ্যা ছয়টার দিকে মোন্নাফকে আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, এরপর তাঁর দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ও কয়েক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তখন মোন্নাফের আট-দশজন সহযোগী অতর্কিতে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে মোন্নাফের স্ত্রী রোকসানাকে আটক করে।
থানার ওসি সৈয়দুজ্জামান গতকাল শুক্রবার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশকে মারধরের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। এতে ফজল আলী ও তাঁর স্ত্রী রিনা বেগম, ভাই আকতার হোসেন ও মোন্নাফসহ অজ্ঞাতনামা আরও আট-দশজনকে আসামি করা হয়েছে। রোকসানাকে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।