মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে পশ্চিমটেংরীর হেরোইনপট্টিতে গত শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযানের সময় হেরোইন ব্যবসায়ী আনুকে (৪৫) আটক করে। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপারে পাবনা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়ন্ত বর্ধন বলেন, ‘মাদক ব্যবসায়ী আনু একজন স্ট্রোকের রোগী। প্রচণ্ড গরমে তিনি কাহিল হয়ে পড়েন। এ ছাড়া চিকিৎসক তাঁকে ছয় মাসের সময় দিয়েছেন। তাই চিকিৎসার কাগজপত্র দেখে আমরা মানবিক কারণে তাঁকে ছেড়ে দিয়েছি।’
তবে এলাকাবাসী ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এলাকাবাসী জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা হেরোইনপট্টিতে অভিযান চালানোর সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আনুকে তাঁর বাড়ি থেকে আটক করেন। পরে তাঁকে ব্ল্যাকপাড়ার পৌর ভূমি কার্যালয়ের সামনে বসিয়ে রাখেন। কিছুক্ষণ রাখার পর পুলিশের এক সদস্য আনুকে ছেড়ে দেন। এ দিকে আনুকে ছাড়ার পর পুলিশ সদস্যরা হেরোইনপট্টি থেকে দরিদ্র ফজিলাকে আটক করেন এবং থানায় নিয়ে যান। স্বামী মারা যাওয়ায় ফজিলা অভাবে দৈনিক ৫০ টাকায় আনুর হেরোইন ব্যবসার কাজ করতেন।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের হেরোইনপট্টিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম ওজনের ৪২০ পুরিয়া হেরোইনসহ ফজিলা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় ওই এলাকার মাদক ব্যবসায়ী বরকী বাবু, মানিক ও রতনসহ চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।