মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীদের হামলায় কুমিল্লার মুরাদনগর থানার দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন মুরাদনগর থানার এএসআই সুমন চাকমা ও সফিক মিয়া এবং আনসার সদস্য এখলাছ উদ্দিন। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার মুরাদনগর থানায় ৩০ জনের নামে একটি মামলা করে।
জাহাপুর বাজারের অন্তত দুজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদনগরের জাহাপুর খেয়াঘাট দিয়ে মাদকের বড় ধরনের একটি চালান যাচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০টায় সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ওই দুই পুলিশ কর্মকর্তা ও এক আনসার সদস্য আহত হন। পরে বাজারের ব্যবসায়ীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন জাহাপুর গ্রামের রফিকুল ইসলাম, পান্না বেগম, লাইলি বেগম, হালিমা বেগম, সেজুনা বেগম, পাখি বেগম, রুমি বেগম ও মমিনা বেগম।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের করা মামলার আট আসামি এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।