মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী বস্তিসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের সাজা দিয়ে আলোচিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আযমকে মাদক ব্যবসায়ীরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ কারণে মাদক নির্মূলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সমন্বয়ে ১০১ সদস্যের প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন গাউছুল আযম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
ইউএনও জানান, মাদকের হাট হিসেবে পরিচিত শহরের চাঁদমারী বস্তি এলাকায় একের পর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসা বন্ধ করেন তিনি। পাশাপাশি ওই বস্তিতে শিশু-কিশোরদের জন্য স্কুল তৈরি করা হয়। ওই স্কুলে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকা শিশু-কিশোরদের ভর্তি করে দেওয়া হয়। শতাধিক শিশু-কিশোরকে ওই স্কুলে পাঠদান করানো হচ্ছে। তাদের শিক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়েছে দুই শিক্ষিকা। এরই মধ্যে ওই শিশু-কিশোরদের সহায়তায় উদ্ধার করা হয় ৭০ কেজি গাঁজা।
তিনি (ইউএনও) যাতে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে অংশ না নেন—এই কারণে মাদক ব্যবসায়ীরা তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং ওই শিশু-কিশোরদের ক্ষতি করার পাঁয়তারা করছে।
গাউছুল আযম আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার কাছে খবর রয়েছে, মাদকবিরোধী অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিশু-কিশোরদের ক্ষতি করতে পারে। তারা স্বার্থ হাসিলের জন্য কাউকে হত্যা করে এর দায়ভার আমাদের ওপর চাপিয়ে দিতে পারে। তাই এখন থেকে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে শিশু-কিশোরদের ব্যবহার করা হবে না। তারা শুধুই লেখাপড়ায় মনোনিবেশ করবে। তবে মাদক নির্মূলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি এনজিও কর্মকর্তাদের সমন্বয়ে ১০১ সদস্যের কমিটি গঠন করা হবে। তারা প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’