মাদক ব্যবসায়ীর কোপে পুলিশ কর্মকর্তা জখম দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌর শহরের পশ্চিম ডুমুরিতলা এলাকায় গত বুধবার রাতে এক মাদক ব্যবসায়ীর দায়ের কোপে মাঈনউদ্দিন (৩০) নামে পুলিশের এক কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন। মাঈনউদ্দিনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)।
এ ঘটনায় বুধবার রাতে পুলিশ পিরোজপুর পৌর শহরের মাছিমপুর এলাকার আরিফুল ইসলাম (৩২) ও ধুপপাশা এলাকার সাব্বির হোসেন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাইনুল হাসান সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিরোজপুর সদর থানায় বিশেষ অভিযানসহ চোরাচালান বন্ধে ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চলছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পৌরসভার পশ্চিম ডুমুরিতলা এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন মোল্লাকে ডিবি পুলিশের এএসআই মাঈনউদ্দিন জাপটে ধরেন। তখন সাব্বিরের সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী দা দিয়ে মাঈনউদ্দিনকে কোপ দেন। এ ঘটনায় রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) নূরুল আমিন শিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।
পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক আহমেদ বলেন, ধারালো অস্ত্রের কোপে জখম মঈনউদ্দিনের ডান হাতে আটটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।