মাদক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের কেমতলী গ্রামের কচু খেত থেকে আমির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় লাশটি উদ্ধার করা হয়।
বরুড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার দেওয়ানগর গ্রামের আবদুল মবিনের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করছেন। গত সোমবার সন্ধ্যা সাতটায় তাঁর বন্ধু বগাবাড়িয়া গ্রামের নূরুল ইসলাম আমির হোসেনের বাড়িতে যান। এ সময় নূরুল ইসলাম তাঁকে পাশের বাড়ির প্রবীর ডাকছে বলে জানান। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
গতকাল সকাল নয়টায় কেমতলী গ্রামের একজন কৃষক তাঁর কচু খেতে একটি লাশ দেখতে পান। এরপর তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান। খবর পেয়ে বরুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গতকাল বরুড়া থানায় তাঁর স্ত্রী রুবিনা আক্তার সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।