মাদক ব্যবসায়ীর গুলিতে আহত পাঁচ বছরের শিশু

কুমিল্লা শহরের শুভপুর এলাকায় গতকাল রোববার সকালে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্র নিয়ে তাড়া করে আরেক মাদক ব্যবসায়ী। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে লাগে তানভীর হাসান ওরফে হৃদয় (৫) নামের পাঁচ বছরের একটি শিশুর শরীরে। শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক কাজী তাহমিনা ফারহানা জানান, শিশু তানভীরের বাঁ হাতের কনুইয়ের নিচে একটি গুলি লেগেছে। অস্ত্রোপচার করে তা বের করা হবে। এ ছাড়া আরেকটি গুলি তার পেটের ত্বক ঘেঁষে চলে গেছে।
তানভীরের বাবা আরিফ হোসেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির ভ্যানচালক। পরিবার নিয়ে তিনি থাকেন শুভপুর এলাকায়। তানভীর তাঁদের একমাত্র সন্তান।
তানভীরের মা মাহফুজা বেগম বলেন, তাঁর ছেলে একটি মাদ্রাসায় আরবি পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তিনি ছেলেকে নিয়ে হেঁটে বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। শুভপুর এলাকায় পৌঁছার পর দেখেন স্থানীয় নাজিম উদ্দিন একই এলাকার আনোয়ার হোসেনকে মারার জন্য তেড়ে আসছে। একপর্যায়ে আনোয়ার একটি বাড়িতে ঢুকে পড়েন। তখন নাজিম উদ্দিন পিস্তল দিয়ে আনোয়ারের উদ্দেশে গুলি ছোড়ে। একটি গুলি তানভীরের বাঁ হাতে বিদ্ধ হয়। আরেকটি গুলি পেটের ত্বক ঘেঁষে চলে যায়। এরপর দ্রুত তাকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান মাহফুজা।
খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন হাসপাতালের জরুরি বিভাগে যান। তিনি তানভীরের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন। এ ছাড়া চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দেন শিশুটির পরিবারকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে ব্যথায় কাতরাচ্ছে তানভীর। পাশে তার মা-বাবা বসে আছেন। শিশুটির পেট ও নাভির অংশে ব্যান্ডেজ লাগানো। বাঁ হাতের কনুইয়ের নিচে যেখানে গুলিবিদ্ধ হয়ে আছে সেখানেও ব্যান্ডেজ। কিছুক্ষণ পরপর সে ব্যথায় চিৎকার করছে।
এ ঘটনায় তানভীরের বাবা আরিফ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় নাজিম উদ্দিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নাজিম উদ্দিন ও আনোয়ার দুজনই মাদক ব্যবসায়ী। গত ডিসেম্বরে নাজিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহ আগে সে জেল থেকে ছাড়া পায়। সম্ভবত, নাজিমের ধারণা, আনোয়ারই তাকে ধরিয়ে দিয়েছিল। এর প্রতিশোধ নিতেই হয়তো সে আনোয়ারের ওপর চড়াও হয়।