মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন
গাজীপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল জামতলা এলাকায়।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি ভারারুল জামতলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে এবং গাজীপুরের রেজিস্ট্রার অফিসের ভেন্ডারের সহকারী হিসেবে কাজ করতেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. সুজায়েত জানান, গতকাল দুপুরে ভারারুল জামতলা বাজারের একটি দোকানে বসে ছিলেন কামাল হোসেন। বেলা একটার দিকে মাদক ব্যবসায়ী ইয়াদ আলী সেখানে গিয়ে কামাল হোসেনের বুকের বাঁ দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকাবাসীর বরাত দিয়ে সুজায়েত জানান, জামতলা এলাকার আবদুর রাজ্জাক মাতবরের ছেলে ইয়াদ আলীকে সম্প্রতি মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান। ইয়াদ আলীর ধারণা, কামাল পুলিশকে মাদকের তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল।