গাজীপুরের কালিয়াকৈরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিন কলেজছাত্রকে আটক করে মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
তিন কলেজছাত্রের পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, উপজেলার হরিণহাটি এলাকার এক ব্যবসায়ীর ছেলে কলেজছাত্র ওবায়দুল ইসলাম (১৯), তাঁর বন্ধু মতিউর ও নাহিদ গত বুধবার উপজেলার সাদুল্লাহপুর এলাকায় অপর বন্ধু রাজিব হোসেনের বাড়িতে যান। সেখান থেকে তাঁরা তিন বন্ধু ওই দিন সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার কালিয়াকৈর-ফুলিবাড়িয়া সড়কের বাংলাবাজার এলাকায় ওই এলাকার নৈশ প্রহরী মাহবুব হোসেন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। একপর্যায়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শাহ্ কামালকে খবর দেন মাহবুব। পরে ওবায়দুল, মতিউর ও নাহিদকে এসআই শাহ কামালের হাতে তুলে দেওয়া হয়। এসআই ওই তিন কলেজছাত্রকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তাঁদের পরিবারের লোকজনকে খবর দেন। তিনি ওই তিন পরিবারের কাছে তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তিন কলেজছাত্রকে চালান করার ভয় দেখান এসআই। নিরুপায় হয়ে
রাত দেড়টার দিকে ৭০ হাজার টাকা দিয়ে ওই ছাত্রদের ছাড়িয়ে নেয় তাঁদের পরিবার। ওই টাকা থেকে ১০ হাজার টাকা নিয়েছেন নৈশ প্রহরী মাহবুব।
১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাহবুব হোসেন জানান, ওই তিন কলেজছাত্রকে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে এসআই শাহ কামালের কাছে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরপর কী হয়েছে বা কেন তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ, তা তিনি জানেন না।
এসআই শাহ্ কামাল টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই তিন কলেজছাত্রকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।