মাদক মামলার আসামি ১০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হোসেন ওরফে কালাইয়া (৩০)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, পৌরসভার চৌধুরীপাড়ায় ইয়াবা বড়ি বিক্রি করা হবে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা চালান এবং হাতে থাকা পলিথিনের ব্যাগটি ফেলে দেন। তাঁকে আটক করে ফেলে দেওয়া পলিথিনের ব্যাগটি উদ্ধার করা হয়। এ সময় ব্যাগের ভেতরে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এর দাম প্রায় ৩০ লাখ টাকা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মজিদ বলেন, মোহাম্মদ হোসেন ওরফে কালাইয়া মাদক ব্যবসায়ী। ২০১৫ সালে টেকনাফের সাবরাংয়ের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে র্যা বের অভিযানে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় করা মামলার পলাতক আসামি তিনি।