মাদক মামলায় চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হেরোইন রাখার দায়ে একজনকে যাবজ্জীবনসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।

সরকারি কৌঁসুলি তছলিম উদ্দিন চৌধুরী বলেন, আদালত আসামি মো. শাহাদাতকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আসামি মো. শামীম, মো. আলাউদ্দিন ও মঞ্জুরুল আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের করে কারাদণ্ড দেন আদালত। আসামিরা পলাতক রয়েছেন।

২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি নগরের বহদ্দারহাটের খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হলে তদন্ত শেষে একই বছরের ২০ মার্চ অভিযোগপত্র দেওয়া হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।