মাদক মামলায় সাক্ষ্য দেওয়ায় শিশুসহ ৪ জনকে কোপানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি মাদক মামলায় সাক্ষ্য দেওয়ায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা আদর্শ গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ভাজনডাঙ্গা গ্রামের বাসিন্দা দিনমজুর তারা ফকিরের স্ত্রী রহিমা বেগম (৬০), ছেলে মোহসিন ফকির (৩৫), নাতি শিপন ফকির (৩) ও প্রতিবেশী চা দোকানদার লাবলু চৌধুরী (৫০)। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জুন ইসমাইল মল্লিকের স্ত্রী মর্জিনা বেগমকে (৫০) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। ওই ঘটনায় র‌্যাবের ডিএডি সোহরাবউদ্দিন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য দেন মোহসিন ফকির ও লাবলু চৌধুরীর ছেলে আল আমিন। এ কারণে মর্জিনা বেগম ও তাঁর লোকজন বিভিন্ন সময় সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। দেড় মাস আগে আরেকটি মাদক মামলায় গ্রেপ্তার হন মর্জিনা বেগম। গত রোববার তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন। এর এক দিন পরই সাক্ষী ও তাঁদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

মামলার সাক্ষী আল আমিন জানান, তাঁর বাবা ভাজনডাঙ্গা স্কুলের পাশে চায়ের দোকান দিয়ে ব্যবসা করেন। রোববার সন্ধ্যায় একই এলাকার ইসমাইল মল্লিকের ছেলে মিজান মল্লিকসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাবার ওপর হামলা চালায়। এতে তাঁর বাবা আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক মামলার আসামি মর্জিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।