মাদক সেবন করায় এএসআইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে গত বুধবার গভীর রাতে একটি দোকানে মাদক সেবন করার অভিযোগ তুলে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফাকে মারধর করেছেন এলাকাবাসী। এ ঘটনায় গোলাম মোস্তফাকে গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানা থেকে লালমনিরহাট জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এলাকার লোকজন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাকিনা বাজারের একটি দোকানে গোলাম মোস্তফার ফেনসিডিল পানের খবর পেয়ে লোকজন সেখানে ছুটে যায়। এ সময় দোকানের বাইরে থাকা গোলাম মোস্তফার সঙ্গী এএসআই আনিসুর রহমান মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। জনতার হাতে আটকা পড়েন গোলাম মোস্তফা। উপস্থিত লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী গোলাম মোস্তফাকে মারধর করেন।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে এলাকাবাসী তাঁর জিম্মায় দিয়েছিলেন। গতকাল সকালে কালীগঞ্জ থানার ওসির ফোন পেয়ে তিনি মোটরসাইকেলটি এএসআই আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন।
কালীগঞ্জ থানার ওসি মঞ্জুর রহমান বলেন, গোলাম মোস্তফা ও আনিসুর রহমান বুধবার রাতে কাকিনা বাজারে আসামি ধরতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হন। এখন তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যেহেতু গোলাম মোস্তফার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ আনা হয়েছে, তাই তাঁকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, গোলাম মোস্তফার কাছে সেদিন রাতের ঘটনা জানতে চাওয়া হবে, পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থাও খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, কালীগঞ্জে একটি শক্তিশালী মাদক চক্র রয়েছে, তারা জনগণকে বিভ্রান্ত করে পুলিশের সুনাম নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।