বগুড়ার ধুনট উপজেলায় গতকাল শুক্রবার মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবাকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় বাবা ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মিলন হোসেন (২২) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করছিলেন। মিলনকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে গালিগালাজ করেন বেলাল। এতে মিলন ক্ষিপ্ত হয়ে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন। গতকাল ভোরে মিলন মাদকাসক্ত অবস্থায় গাঁজা নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় তাঁর বাবা বাধা দেন। এ সময় মিলন হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে জবাই করার চেষ্টা করেন। বেলালের চিৎকারে গ্রামবাসী এসে মিলনকে আটক করেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনাস্থলে এসে মিলনকে গ্রেপ্তার করেন। এ সময় মিলনকে জিজ্ঞাসাবাদে করে তাঁর দেওয়া তথ্যে ঘরের কোণ থেকে ওসি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনা থানার উপরিদর্শক (এসআই) হজরত আলী বাদী হয়ে মিলনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা জানান, অনেক দিন ধরে মিলনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ করছিলেন বেলাল। মিলন এত বেশি মাদকাসক্ত হয়ে পড়েছেন যে আজ তাঁর বাবাকে জবাই করে হত্যার চেষ্টা করেছেন।
তবে মিলন হোসেন বলে, ‘আমি সব দিন মাদক খাই না। ব্যবসার জন্য টাকা চাইলে হেরা (তারা) আমারে গালিগালাজ করে। আমি কাউকে হত্যা করার চেষ্টা করি নাই। হেরাই আমাকে মারধর করে পুলিশে দিয়েছে।’
ওসি জিয়াউর রহমান প্রথম আলোকে জানান, মিলনকে গ্রেপ্তারের সময় ওই ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বেলাল ছেলের বিরুদ্ধে তাঁকে হত্যার চেষ্টার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বেলালের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।