মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর মা আমেলা বেগম বলেন, চার বছর আগে তাঁর মেয়ে কাজল মনির (২০) সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী চৈতারকান্দা এলাকার রহমান মিয়ার ছেলে ডালিম মিয়ার বিয়ে হয়। তাঁরা দুজনে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে ডহরগাঁও এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। ডালিম মিয়া সিএনজিচালিত অটোরিকশা চালান। তাঁদের সংসারে আড়াই বছরের এক মেয়ে আছে। বর্তমানে কাজল মনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েক মাস ধরে ডালিম মাদকাসক্ত হয়ে পড়েছেন। শনিবার রাত ১০টার দিকে ডালিম বন্ধুদের নিয়ে ইয়াবা বড়ি সেবন করতে বাড়িতে আসেন। এ নিয়ে কাজল মনির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল মনিকে জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন ডালিম। কাজল মনির পেটে লাঠি দিয়ে সজোরে আঘাতও করা হয়। ওই রাতেই শিশুকে সঙ্গে দিয়ে কাজল মনিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনা জানার পর কাজল মনির খালা আঁখি বেগম স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।