মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে নূপুর আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় নূপুরের মা ময়না বেগমকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বহেরাতলা গ্রামের মিঠু কির্তুনিয়া, সাগর হালদার, সজল বড়াল ও সুমন ঘরামী একই গ্রামের রিকশাচালক শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে মাদক সেবন করছিলেন। এ সময় শহিদুলের স্ত্রী ময়না বেগম ও তাঁর মেয়ে নূপুর আক্তার তাঁদের বকাঝকা করেন। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মিঠু কির্তুনিয়ার নেতৃত্বে চার থেকে পাঁচজন মুখোশ পরা যুবক শহিদুলের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় শহিদুল বাড়িতে ছিলেন না। এরপর তাঁরা শহিদুলের স্ত্রী ময়না বেগম ও মেয়ে নূপুর আক্তারকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নূপুরকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন ময়না বেগম ও নূপুর আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পিঞ্জয় বিশ্বাস বলেন, নূপুর আক্তারের দুই হাত ও পেটের বাঁ পাশে জখম রয়েছে। পেটের জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে নূপুর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ কারণে সে বাবার বাড়িতে মায়ের কাছে থাকে। মিঠু কির্তুনিয়া, সাগর হালদার, সজল বড়াল ও সুমন ঘরামীকে মাদক সেবনে বাধা দেওয়ায় তাঁরা আমার স্ত্রী ও মেয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন। মুখোশ পরা থাকলেও আমার মেয়ে ওদের চিনে ফেলে। ঘটনার পর তাঁরা সবাই পলাতক।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, আজ দুপুরে মঠবাড়িয়া পৌরসভার মেয়রের কাছ থেকে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।