মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ রুবেল (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও চার যুবক। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছড়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল সোনাইছড়ি ইউনিয়নের মো. নুরুল আবছারের ছেলে। দুর্বৃত্তদের হামলায় আহত বাবলু প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তাঁরা পাঁচজন মাঠে খেলতে যাওয়ার সময় পাশের বাগানে চার যুবককে মাদক সেবন করতে দেখেন। ওই যুবকদের মাদক সেবনে নিষেধ করেন তাঁরা। এ নিয়ে তর্ক হয়। একপর্যায়ে তাঁরা খেলতে মাঠে চলে যান। কিছুক্ষণ পর ওই যুবকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এলোপাতাড়ি লাঠির আঘাতে রুবেল ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনিসহ চারজন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বলেন, হামলায় যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই যুবকদের গ্রেপ্তার করা হবে।